স্টাফ রিপোর্টার:
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, নরসিংদীর ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা স্থানীয় সরকার উপ পরিচালক এর দায়িত্বে নিয়োজিত উপসচিব মোছাঃ নাদিরা আখতার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনা, আর্থিক প্রশাসন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জনের সুযোগ পান। আয়োজকরা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।