• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বাংলার ঈগল- রায়পুরায় ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল উদ্বোধন

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মোহাম্মদ সৌরভ আবেদীন:
নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ এর উদ্বোধন করা হয়েছে। ২ জুন ২০২৬ সকালে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে মতিউরনগর (সাবেক রামনগর) এলাকায় নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল এর সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা প্রকৌশলী রাকিবুল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
২০১৬ সালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা- সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মতিউরনগর (সাবেক রামনগর) আঞ্চলিক সড়কের সম্মুখে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা- সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়কের ডান পাশে সড়ক ও জনপথ (সওজ) এর ভূমিতে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর স্থাপনাটি অপসারণ করা হয়। এরপর এটির ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এক্সাভেটর দিয়ে ম্যুরালটি অপসারণের একটি ভিডিও তখনকার সময় নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশেই আরও বড় পরিসরে আধুনিক ও নান্দনিক ডিজাইনে ‘বাংলার ঈগল’ নামে নতুন ম্যুরালটি নির্মাণ করা হয়।
ভাস্কর্যটির ব্যাপারে শিল্পী অলি মাহমুদ জানায়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ বাংলার ঈগলে ত্রিমুখী কালো ফ্রেমের ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত। অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযোদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। উপরের ঝুলন্ত কলামে বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক ও অন্যটিতে ভাস্কর্যটির নাম বাংলার ঈগল প্রতিস্থাপন করা হয়েছে। সর্ব উপরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনতাই করা টি-৩৩ যুদ্ধ বিমানের হুবহু মডেল তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category