স্টাফ রিপোর্টার:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে ২০২৬ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তুলেছিলেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শাহাদাত বার্ষিকীর সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন জনগণের নেতা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা আজও জনগণের পাশে কাজ করে যাচ্ছে। সভায় জেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা- পরবর্তী দেশ গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।