মনোহরদী প্রতিনিধি:
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায় মনোহরদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে “বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ” গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর মোঃ আরিফুল ইসলাম ভুঁইয়া। পিএফজি কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজীব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. নাজমুন নাহার নূর লুবনা ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। বক্তারা বলেন, একটি দেশের শান্তি, সম্প্রীতি নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল, ধর্মীয় এবং বিভিন্ন পেশাগত গোষ্ঠীসমূহকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রত্যেক জনগোষ্ঠীর দায়িত্বশীলভাবে মত প্রকাশ এবং স্বীয় বিশ্বাস লালন পালনের স্বাধীনতা নিশ্চিত হলে দেশে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় কিছুটা ভালো হলেও সামগ্রিক বিবেচনায় তা সন্তোষজনক নয়। সামষ্টিক শান্তি অর্জনের লক্ষ্যে ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সকলকে সহিষ্ণুতা ও নৈতিকতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান সোহাগ, জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোহরদী পৌর কমিটির আমীর আসাদুজ্জামান নূর, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মেজবাহ উদ্দিন, মাওলানা সফিউল্লাহ, পুরোহিত তারাপদ চক্রবর্তী, সাংবাদিক সালেহা আক্তার কাঞ্চি, ওয়াইপিএজে সদস্য আল আশিক, পিএফজি সদস্য মাসুদুর রহমান আলমগীর, পিস অ্যাম্বাসেডর নার্গিস সুলতানা, এমদাদুল হক টিটো প্রমূখ।