স্টাফ রিপোর্টার:
নরসিংদী শহরের তরোয়া এলাকায় দুইটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে ২৮ মার্চ ২০২৬ শনিবার এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী ইবনেসিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটি ২০১৮ সালের পর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া অভিযানকালে ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না এবং হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।
অপরদিকে নরসিংদী ল্যাবএইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে গুরুতর অনিয়মের প্রমাণ মেলায় সেটি সিলগালা করা হয়। হাসপাতালটিতে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার ছিল অপরিচ্ছন্ন, লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার অনুপস্থিত এবং বেডগুলো ছিল অকেজো। এসময় ল্যাব রুমের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
অভিযানকালে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার সাহা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ডাঃ সঞ্জয় কুমার সাহা জানান, সংশ্লিষ্ট হাসপাতালগুলোর লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি এবং ল্যাব পরিচালনার কোনো অনুমোদনও ছিল না। একাধিকবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।