স্টাফ রিপোর্টার: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, ডাকসু ৯০ এর জিএস, নরসিংদী-১ (সদর) আসনে ধানেরশীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
১৭ জানুয়ারী ২০২৬ শনিবার দুপুরে নরসিংদী সরকারী কলেজ মাঠে নরসিংদী জেলা কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আর যেনো কোন ফ্যাসিবাদের জন্ম না হয়। জনগণের শক্তিতে যেনো জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠা হয়। তিনি বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। যারা আমানতের খেয়ানত করবে না, দেশের উন্নয়ন করবে, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করবে তাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে।
নরসিংদী জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক ভিপি শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিএস দীপক কুমার বর্মণ প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরীন সুলতানা, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএস মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা সহ বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।