স্টাফ রিপোর্টার:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু বলেছেন, নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ¦ মনজুর এলাহীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাবো। সেজন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহবান জানান তিনি।
২৬ জানুয়ারী ২০২৬ সোমবার বিকেলে শিবপুরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। শিবপুর বাঁশ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নরসিংদী -৩ শিবপুর আসনে নির্বাচনী প্রচারণা টিমের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি বাছিরুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
বক্তব্য রাখেন নরসিংদী- ৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল খান। বিশেষ বক্তা ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হিমেল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বি এম কাউছার, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এফ এম মোস্তাফিজুর রহমান প্রমূখ।