স্টাফ রিপোর্টার:
নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৮ এপ্রিল ২০২৬ শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে হাসপাতাল প্রাঙ্গণে সক্রিয় দুই দালালকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আটককৃত দত্তপাড়া মহল্লার মোঃ কায়কোবাদকে ৫০ টাকা অর্থদন্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এর আগেও একই অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলো। অপর আটককৃত কাউরিয়াপাড়া মহল্লার রাসেলকে ৫০ টাকা অর্থদন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নরসিংদী জেলা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতালের পরিবেশ দালালমুক্ত রাখা এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ সেবা নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে।